প্রথম সমাচার ডেস্ক:
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দল নেতা রাজু মোল্লা নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী)-সহ ৯৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।
ঘটনার পাঁচ দিন পর রোববার (২২ নভেম্বর) দুপুরে ভাঙ্গা থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
মামলার নথিসূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরীকে হুকুমের প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ভাঙ্গা উপজেলা যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন এবং স্থানীয় ও জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ৯৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
স্বামীর হত্যার বিচার দাবি করে রিয়া বেগম বলেন, “বিএনপির রাজনীতি করা কি কোনো অপরাধ? সেই কারণে কি একজন মানুষকে হত্যা করে দুটি শিশুকে এতিম করতে হবে? আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর রাতে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। ওই সময় মোটরসাইকেলযোগে এলাকা অতিক্রম করার সময় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা আক্রমণের শিকার হন। প্রাণ বাঁচাতে তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীদের একটি লেগুনা গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই রাতে রাজুর মোটরসাইকেলসহ আরও চারটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনার পর ১৮ ও ১৯ নভেম্বর ভাঙ্গা এলাকায় ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গত ১৯ নভেম্বর মহাসড়কে জানাজা শেষে বাকপুরা গ্রামে রাজু মোল্লাকে দাফন করা হয়। তাঁর জানাজায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
শনিবার রাজু মোল্লার কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিতে বাকপুরা গ্রামে যান সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল এবং ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। শহিদুল ইসলাম বাবুল বলেন, “তারেক রহমানের নির্দেশে আমরা রাজুর পরিবার ও তার দুই এতিম সন্তানের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি। আমরা চাই পুলিশ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক।”
ভাঙ্গা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।
উল্লেখ্য, নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের সাবেক ইউপি সদস্য আক্তার মোল্লার ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
সূত্র: মূল প্রতিবেদন
