প্রথম সমাচার ডেস্ক:
দীনি মাদরাসাগুলোকে দারুল উলুম দেওবন্দের উসুল ও আদর্শ অনুসরণ করে পরিচালনার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী। তিনি বলেন, দেওবন্দের আদর্শ অনুসরণ করলে মাদরাসাগুলো দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করবে। তাই সব পরিস্থিতিতে আকাবিরের দেখানো পথ আঁকড়ে থাকতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘৭০ সালা ফুজালা সম্মেলনে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে হাদিসের দরসে এসব কথা বলেন তিনি।
বক্তব্যের শুরুতে সম্মেলনে সরাসরি উপস্থিত হওয়ার ইচ্ছা ছিল বলে জানান মুফতি তাকি উসমানী। অনাকাঙ্ক্ষিত কারণে তা সম্ভব না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। ভার্চুয়ালি যুক্ত হওয়ার সুযোগ করে দেয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
এ সময় জামিয়া ফরিদাবাদের প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)-কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। ছদর সাহেবের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে মুফতি তাকি উসমানী বলেন, তার সঙ্গে বহুবার সাক্ষাতের সুযোগ হয়েছে। তার ইখলাস, লিল্লাহিয়াত ও দীনের জন্য ত্যাগের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে মুফতি তাকি উসমানী বলেন, দীনি মাদরাসাগুলোর প্রাণ হচ্ছে দারুল উলুম দেওবন্দ। তাই দেওবন্দের উসুল ও আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। আকাবিরের দেখানো পথ অনুসরণ করলেই মাদরাসাগুলো প্রকৃত সফলতা অর্জন করতে পারবে।
সূত্র: মূল প্রতিবেদন

সারা বছরই হোক মুমিনের আমল
১৯০৯ সালে হজ পালনকারী প্রথম জাপানি মুসলিম উমর ইয়ামাওকা