প্রথম সমাচার ডেস্ক:
বাজারে দোকান খোলার সময় আছে, দোকান বন্ধের সময়ও আছে। কিন্তু ভিক্ষাবৃত্তিরও যে সময়সীমা থাকতে পারে, এমন নিয়ম হয়তো অনেকেরই জানা ছিল না! এবার সেই নিয়মই চালু করতে মাইক হাতে ময়মনসিংহের ফুলপুর বাজারে নেমেছেন ‘ফকির কমিটি’র সভাপতি।
তার ঘোষণা, বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় আর ভিক্ষা করা যাবে না। তাও আবার শুধু মঙ্গলবারে। কেউ এ নিয়ম অমান্য করলে গুনতে হবে ১ হাজার ৫০০ টাকা জরিমানা। শুধু তাই নয়, দেয়া হয়েছে কারাদণ্ডের হুঁশিয়ারিও!
আজ বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও ছবিতে এমন ঘোষণার দৃশ্য দেখা যায়। ভিডিওতে হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারে কথা বলতে দেখা যায় এক ব্যক্তিকে।
নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি বলতে থাকেন, ‘প্রতি মঙ্গলবার ছাড়া ভিক্ষা করবেন না। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিক্ষা করা যাবে। বিকেল ৫টার পর ভিক্ষা চাইতে দেখলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও তিন দিনের জেল হবে।’
এমন ঘোষণায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে ফকির কমিটির এই ‘সময়সূচি’ নিয়ে আইনগত প্রশ্নও সামনে এসেছে। কারণ, জরিমানা কিংবা কারাদণ্ড দেয়ার ক্ষমতা আইন অনুযায়ী নির্ধারিত কর্তৃপক্ষের।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, এমন কোনো ঘোষণার বিষয়ে অবগত নয়।
সূত্র: মূল প্রতিবেদন
