প্রথম সমাচার ডেস্ক:
ন্যূনতম মজুরি বাড়ালেই শ্রমিকদের জীবনমানের উন্নতি হবে না, যদি বাড়িভাড়া ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা না যায়। শ্রমিকের প্রকৃত ক্রয়ক্ষমতা বাড়াতে বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
আজ বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
গাজী আতাউর রহমান বলেন, টাকার অঙ্কে মজুরি বৃদ্ধি জরুরি। তবে তার চেয়েও বেশি জরুরি শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়ানো। বাংলাদেশের অতীত অভিজ্ঞতা বলছে, মজুরি বা বেতন বাড়লেও দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় শ্রমিকের প্রকৃত ক্রয়ক্ষমতা বাড়ে না। টাকা এক শ্রেণির ব্যবসায়ীর পকেট থেকে আরেক শ্রেণির ব্যবসায়ীর পকেটে যায়। ফলে শ্রমিক অভাবের পুরোনো বৃত্তেই ঘুরপাক খায়।
তিনি বলেন, ন্যূনতম মজুরি বৃদ্ধিকে কার্যকর করতে হলে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া বৃদ্ধি এবং সার্বিকভাবে দেশের সর্বত্র দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। এ ক্ষেত্রে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন।
শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের করণীয় তুলে ধরে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, শ্রমিকদের প্রধান সমস্যাগুলোর একটি আবাসন। সরকার চাইলে শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে পারে। পাশাপাশি ভর্তুকি মূল্যে খাবার সরবরাহের উদ্যোগও নিতে পারে।
তবে এসব উদ্যোগের পাশাপাশি স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা এবং সামগ্রিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই শ্রমিকদের জীবনমান উন্নয়নের স্থায়ী পথ। সরকার সেই পথে হাঁটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সূত্র: মূল প্রতিবেদন

শেখ হাসিনা দেশে ফিরছেন না, জয়সওয়ালের কথায় তা মোটামুটি স্পষ্ট: রাশেদ খাঁন