প্রথম সমাচার ডেস্ক:
লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় থাকা এসব বাংলাদেশির মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।
আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় বুরাক এয়ারের ‘ইউজেড-২২২’ ফ্লাইটে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরত আসা ১৭৩ জনের মধ্যে লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। লিবিয়ার ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে থেকে তারা স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আটক অবস্থায় থাকা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে দূতাবাস।
এর আগে, মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন। নতুন করে ১৭৩ জনের প্রত্যাবাসনের মধ্য দিয়ে দুদিনে মোট ৩৪৭ বাংলাদেশি দেশে ফিরছেন।
সূত্র: মূল প্রতিবেদন
