প্রথম সমাচার ডেস্ক:
ভোলার লালমোহনে বেতুয়া খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে যাওয়ার পাঁচ মাস পার হলেও শুরু হয়নি পুনর্নির্মাণকাজ। এতে রমাগঞ্জ, ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীদের চলাচল ব্যাহত হচ্ছে। বিকল্প হিসেবে নৌকায় খাল পার হতে হচ্ছে স্থানীয়দের। আর উপজেলা ও জেলা সদরে যেতে ঘুরতে হচ্ছে অতিরিক্ত ৫ থেকে ৬ কিলোমিটার পথ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই যুগ আগে বেতুয়া খালের ওপর ৪৫ মিটার দীর্ঘ আয়রন সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় থাকার পর গত ২৩ জুন বালুবাহী একটি ট্রাক সেতুর ওপর উঠলে মাঝখান থেকে সেটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নাঈম নিহত হন। আহত হন তার সহকারী আলামিন।
সেতুটি ভেঙে যাওয়ার পর স্থানীয়রা বাঁশের পাটাতন দিয়ে পারাপারের ব্যবস্থা করেন। তবে সেটিও এখন ব্যবহারের অনুপযোগী। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। অনেকে নৌকায় খাল পার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা রুমি বলেন, সেতুটি তিন ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল। এটি ভেঙে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও রোগীরা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরাও। দ্রুত সেতুটি পুনর্নির্মাণের দাবি জানান তিনি।
স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) যানবাহন চলাচল বন্ধের ব্যবস্থা নিতে বলা হয়েছিল। কিন্তু কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পরে সেতুটি ভেঙে একজনের প্রাণহানি ঘটে। এখন সাধারণ মানুষ ও কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় শিক্ষক এমদাদুল ইসলাম বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় আশপাশের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের দীর্ঘ পথ হেঁটে যাতায়াত করতে হচ্ছে। আগে অটোরিকশায় সহজেই বিদ্যালয়ে যাওয়া যেত। এখন অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। সেতু দিয়ে অ্যাম্বুলেন্স চলাচল করতে না পারায় কয়েক কিলোমিটার ঘুরে রোগী নিতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ফারুক বলেন, আগে সেতু পার হয়ে ১০ মিনিটে গন্তব্যে পৌঁছানো যেত। এখন অতিরিক্ত ৫ থেকে ৬ কিলোমিটার ঘুরতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে। বিশেষ করে কৃষকদের ধান ও অন্যান্য ফসল পরিবহনে বাড়তি খরচ হচ্ছে।
স্থানীয়দের দাবি, সেতুটির পাশেই জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদের গ্রামের বাড়ি। অথচ পাঁচ মাসেও সেতুটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়নি। তারা দ্রুত সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লালমোহন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান এশিয়া পোস্টকে বলেন, প্রকল্প অনুমোদন ছাড়া উন্নয়নকাজ শুরু করার সুযোগ নেই। প্রায় ৪৫ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে আনুমানিক আড়াই থেকে তিন কোটি টাকা ব্যয় হতে পারে। এ জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রকল্প অনুমোদনের অপেক্ষায় থাকলেও সেতুটির মাটি পরীক্ষা ও ভূ-উপরিতল জরিপ সম্পন্ন হয়েছে। নকশা প্রণয়নের জন্য সেগুলো সদর দপ্তরে পাঠানো হয়েছে। লালমোহন ও তজুমদ্দিন উপজেলার জন্য প্রস্তাবিত প্রায় ৫০ কোটি টাকার একটি প্রকল্পে সেতুটি অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণকাজ শুরু করা হবে।
সূত্র: মূল প্রতিবেদন

প্রস্তুত শোলাকিয়া, থাকছে চারস্তরের নিরাপত্তা