শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

বক্তা হওয়ার আগে নিজের জীবনে বক্তব্য বাস্তবায়ন করতে হবে: মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বর্তমানের ওয়াজ-মাহফিলে ইসলামী বক্তাদের বক্তব্যে ধর্মীয় শিক্ষা ও দিকনির্দেশনার পাশাপাশি অনেক সময় অন্য আলেম, ধর্মীয় মতাদর্শ কিংবা কোনো ব্যক্তির সমালোচনাও উঠে আসে। এ ক্ষেত্রে বক্তাদের যোগ্যতা, বক্তব্যের ভাষা ও নীতিমালা কেমন হওয়া উচিত, তা নিয়ে নিজের মতামত জানিয়েছেন দেশের প্রবীণ আলেম ও খ্যাতিমান মুফাসসির মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী।

তিনি মনে করেন, ইসলামী বক্তা হওয়ার জন্য শুধু ধর্মীয় জ্ঞান থাকলেই চলবে না, নিজের বক্তব্যের বিষয়গুলো আগে ব্যক্তিজীবনে বাস্তবায়ন করতে হবে। বক্তব্য দিতে হবে শ্রোতাদের কল্যাণ কামনায়, কোনো পার্থিব স্বার্থের বশীভূত হয়ে নয়। একই সঙ্গে ভিন্নমতের প্রতিবাদে আক্রোশমূলক ভাষা পরিহার করে মার্জিত ও দলিলভিত্তিক বক্তব্য দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী। সাক্ষাৎকারটি প্রকাশের আগে তার কাছে ইসলামী বক্তাদের যোগ্যতা, ওয়াজের মঞ্চে ভিন্নমতের সমালোচনা এবং বক্তব্যের নীতিমালা নিয়ে আরও কয়েকটি প্রশ্ন করা হয়েছিল। সেসব প্রশ্নের লিখিত উত্তরে তিনি নিজের মতামত জানিয়েছেন।

ইসলামী বক্তার মৌলিক যোগ্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ইসলামী বক্তা হওয়ার জন্য প্রথমেই তাকে ইসলামের জ্ঞানে জ্ঞানী হতে হবে। দ্বিতীয়ত: তিনি শ্রোতাদের যে বিষয়ে বক্তব্য দিবেন, সে বিষয় আগে তার নিজের জীবনে বাস্তবায়নকারী হতে হবে। এজন্যই ইসলামী বক্তা হওয়া চাট্টিখানি কথা নয়। তৃতীয়ত: বক্তব্য প্রদান করতে হবে শ্রোতাদের কল্যাণ কামনায়, নিজের কোনো পার্থিব স্বার্থের বশীভূত হয়ে নয়।’

ওয়াজ-মাহফিলে বক্তাদের পারিশ্রমিক বা চুক্তি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন এই মুফাসসির। তার মতে, ওয়াজের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করা। এ দায়িত্ব পালনে নবীদের আদর্শ অনুসরণ করতে হবে আলেমদেরও।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়াজ করা মানে মানুষকে আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দেওয়া। এটা মূলত নবীগণের কাজ ছিল। আর নবীগণের অবর্তমানে আলেমগণ এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই আলেমগণের দায়িত্ব পালনটাও নবীগণের আদর্শের ওপর হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘আর নবীগণের আদর্শ বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন, ‘যারা নিজেরা হেদায়েতের পথে থাকবেন এবং এর জন্য কোনো বিনিময়ের প্রত্যাশী হবেন না। তাই এ দুটি বিশেষণ বিবর্জিত বক্তার ওয়াজে মানুষের হেদায়েত হবে না বলে তাফসিরের কিতাবে উল্লেখ আছে।’

ওয়াজের মঞ্চে ভিন্নমতের আলেম, মতাদর্শ কিংবা ব্যক্তির সমালোচনায় কঠোর ও বিতর্কিত ভাষা ব্যবহারের শরয়ি সীমা সম্পর্কেও প্রশ্ন করা হয় তাকে। জবাবে ওলীপুরী বলেন, ‘ভিন্ন মতের প্রতিবাদ আক্রোশমূলক ভাষায় করলে প্রতিবাদ সফল না হয়ে বিফল হয়। তাই প্রতিবাদের ভাষা হতে হবে মার্জিত এবং দলিলভিত্তিক।’

বক্তব্যের মাধ্যমে বিভেদ, বিদ্বেষ কিংবা ভুল ধারণা তৈরি হওয়া এড়াতে বক্তাদের কী করা উচিত, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্বিতীয় প্রশ্নের জবাবটা লক্ষ রাখলে তৃতীয় প্রশ্নে উত্থাপিত সমস্যার সৃষ্টিই হবে না।’

মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী দেশের একজন প্রবীণ আলেম ও খ্যাতিমান মুফাসসির। কোরআন-হাদিসের নিগূঢ় ব্যাখ্যা ও তাফসিরের জন্য ধর্মীয় অঙ্গনে তার পরিচিতি রয়েছে। তাকে ‘মুনাযেরে যামান’ বলেও অভিহিত করা হয়।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com