বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

বিজিএমইএ ভবন প্রাঙ্গণে পেট্রলবোমা নিক্ষেপ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানীর তুরাগের উত্তরা ১৭ নম্বর সেক্টরে অবস্থিত বিজিএমইএ ভবনের প্রাঙ্গণে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার একটি ভিডিও ফুটেজ এশিয়া পোস্টের হাতে এসেছে। ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেয় এবং পেছনে বসা ব্যক্তি ভবনের ভেতরে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় আরেক ব্যক্তি ঘটনার ভিডিও ধারণ করেন। বোমা নিক্ষেপের পরপরই তারা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তুরাগ থানা-পুলিশ জানায়, রাতে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি বাইরে থেকে বিজিএমইএ ভবনের সীমানাপ্রাচীরের ভেতরের খোলা প্রাঙ্গণ লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিকট শব্দ শুনে ভবনে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ভবনের ভেতরের খোলা প্রাঙ্গণের মেঝেতে কালো দাগ দেখতে পায় পুলিশ। তবে সেখান থেকে বিস্ফোরকসদৃশ কোনো আলামত উদ্ধার করা সম্ভব হয়নি।

তুরাগ থানা-পুলিশ জানিয়েছে, সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com