বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

অ্যাডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক কামরুজ্জামান মিন্টু

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ঐতিহ্যবাহী ময়মনসিংহ জুট মিলস্ আদর্শ বিদ্যাপীঠের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন এশিয়া পোস্টের ময়মনসিংহ ব্যুরো চিফ কামরুজ্জামান মিন্টু।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ কর্তৃক তিনি মনোনীত হন। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ জ ম রেজাউল করিম খানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

কামরুজ্জামান মিন্টু ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের সদস্য, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এশিয়া পোস্টের পাশাপাশি চ্যানেল নাইনের ময়মনসিংহ প্রতিনিধি।

কমিটিতে সভাপতি ছাড়াও সাধারণ শিক্ষক সদস্য পদে দেবদুলাল চন্দ্র খাজাঞ্চী ও অভিভাবক সদস্য হয়েছেন মো. কালা মিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ জুট মিলস্ আদর্শ বিদ্যাপীঠের অ্যাডহক কমিটি পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস পর্যন্ত বলবৎ থাকবে। এ মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। এ মেয়াদকালের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ করা হবে।

আরও বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিসংক্রান্ত প্রবিধানমালা ২০২৪’-এর ৬৫(৩) ধারা অনুযায়ী অ্যাডহক কমিটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিকট শিক্ষকের শূন্য পদের চাহিদা প্রেরণ করতে পারবে। উক্ত কর্তৃপক্ষ কর্তৃক কোনো শিক্ষক সুপারিশ করা হলে কেবল তাদের নিয়োগ প্রদান করা যাবে। কোনো শিক্ষক বা কর্মচারীর ওপর দণ্ড আরোপের প্রয়োজন হলে শিক্ষা বোর্ডের অনুমতি গ্রহণপূর্বক দণ্ড আরোপ করতে পারবে। কোনোক্রমেই অ্যাডহক বা বিশেষ ধরনের কমিটি/গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না।

ময়মনসিংহ জুট মিলস্ আদর্শ বিদ্যাপীঠের অ্যাডহক কমিটির সভাপতি কামরুজ্জামান মিন্টু বলেন, আমার কাছে এই দায়িত্ব একটি পবিত্র আমানত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব। এ লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কামনা করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, নতুন কমিটিকে অভিনন্দন জানাচ্ছি। নিশ্চয়ই যথাসময়ে ম্যানেজিং কমিটি গঠন হবে। প্রিয় বিদ্যালয়কে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা প্রয়োজন।

ময়মনসিংহ জুট মিলস্ আদর্শ বিদ্যাপীঠ ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। একসময় এই বিদ্যালয়টি সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের শিক্ষার্থীদের ভরসাস্থল ছিল। এ ছাড়া পড়ালেখার গুণগত মানের কারণে দূর-দূরান্ত থেকেও অভিভাবকরা তাদের সন্তানদের এই প্রতিষ্ঠানে ভর্তি করতেন। বিদ্যালয়টির প্রাক্তন অনেক শিক্ষার্থী সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই নিজ যোগ্যতায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com