প্রথম সমাচার ডেস্ক:
খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, গুলির ঘটনা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। নিরাপত্তাহীনতায় মানুষের দিন কাটছে বলেও জানান জামায়াত সেক্রেটারি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় ডাকাতি, সন্ত্রাস ও দুর্বৃত্তপনা বেড়ে যাওয়ায় নাগরিক জীবন বিপন্ন হয়ে পড়েছে।
নিরাপত্তাহীনতায় মানুষের দিন কাটছে উল্লেখ করে জামায়াত সেক্রেটারি বলেন, সন্ত্রাসীরা এ অঞ্চলকে খুনের অভয়ারণ্যে পরিণত করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বশীল সংস্থাগুলোর যথাযথ পদক্ষেপের অভাবে পরিস্থিতির অবনতি হয়েছে।
তিনি বলেন, গত ২৪ নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় সাত স্থানে গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় একজন নিহত হয়েছেন। গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২২ দিনে খুলনায় গুলিতে ছয়জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
এ সময়ে অন্তত ১৩টি গুলির ঘটনা ঘটেছে। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত মহানগরীতে ৩৯টি ও জেলায় ৪০টি হত্যাকাণ্ড ঘটেছে। কোনো কোনো হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে ঘটছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর সন্ত্রাস ও দুর্বৃত্তদের মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কার্যকরভাবে কাজ করতে পারছে না। দলীয়করণ, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছেন। কোথাও কোথাও শাসক দলের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে।
প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে খুলনাসহ দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করা, সন্ত্রাস ও ডাকাতিপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান গোলাম পরওয়ার।
তিনি বলেন, সরকার কার্যকর পদক্ষেপ না নিলে সব হত্যাকাণ্ড ও সন্ত্রাসের দায় এড়াতে পারবে না।
সূত্র: মূল প্রতিবেদন

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারি পরোয়ানায় এনসিপির প্রতিবাদ