প্রথম সমাচার ডেস্ক:
সীমান্ত সুরক্ষা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে সীমান্তের ৪০টি গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোন।
সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ব্যাটালিয়নটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় নৌযান এবং অল-টেরেইন ভেহিকেল (এটিভি) দিয়ে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রাতের টহল জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রমও বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, চলতি বছরে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এসব অভিযানে সীমান্ত অপরাধে জড়িত ৮১ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর, ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এ ছাড়া ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টাকালে ১৬৩ জনকে প্রতিহত করা সম্ভব হয়েছে।
লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির আরও জানান, বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। সন্দেহজনক যেকোনো তৎপরতা সম্পর্কে তথ্য দিয়ে স্থানীয় বাসিন্দারা বিজিবিকে সহযোগিতা করছেন।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমনে জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ করছে বিজিবি।
সূত্র: মূল প্রতিবেদন

কড়াইলে মাদক কারবারিদের আস্তানায় অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২