প্রথম সমাচার ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মাওলানা আকরাম হোসেন নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। এ ঘটনায় ওই মসজিদের মুয়াজ্জিনসহ আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা মডেল থানাধীন ভূঁইঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা আকরাম হোসেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের ইমাম ছিলেন। তিনি কুমিল্লার হোমনা থানার দরিচর (ধড়িচর) গ্রামের আব্দুল মতিনের ছেলে এবং বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর থানার আমিন আবাসিক এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনায় আহতরা হলেন একই মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪) এবং পথচারী রেদোয়ান খন্দকার (২০) ও সায়েম (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যরাতে সাইনবোর্ড থেকে ভূঁইঘরের দিকে আসা একটি খালি বালুবাহী ট্রাক বেপরোয়া গতিতে সার্ভিস লেনে ঢুকে পড়ে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারী, দোকানপাট ও দুটি ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মাওলানা আকরাম হোসেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠান।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ফতুল্লা মডেল থানার রাত্রীকালীন টহল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চাকার নিচ থেকে মরদেহটি উদ্ধার করেন। পরবর্তীতে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেকারের মাধ্যমে জব্দ করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ট্রাকটি আটক করা হয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
