প্রথম সমাচার ডেস্ক:
চট্টগ্রাম নগরের হজরত শাহ আমানত (রহ.) মাজার এলাকা থেকে লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাজার প্রাঙ্গণে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে নগরের জেল রোড এলাকায় অবস্থিত মাজারের সামনের উঠান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাজারের ভেতরে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে লাল টেপে মোড়ানো ককটেলটি উদ্ধার করা হয়। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলটি নিজেদের হেফাজতে নেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির এশিয়া পোস্টকে বলেন, আটক দুজন মাজারের ভেতরে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নাশকতার উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র: মূল প্রতিবেদন
