শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

ঢাকার আবাসনের চাপ কমাতে নতুন শহর গড়ার উদ্যোগ সরকারের

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে পরিকল্পিত সেকেন্ডারি সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। নাগরিক সুযোগ-সুবিধাসহ নতুন আবাসিক এলাকা গড়ে তুলে ঢাকার বাইরে বসবাসের বিকল্প ব্যবস্থা তৈরিই এ পরিকল্পনার মূল লক্ষ্য।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় এ শহর গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। কলাতিয়া, তারানগরসহ আশপাশের কয়েকটি এলাকায় প্রকল্পের সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে। তবে প্রকল্পটি এখনও পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। আবাসনের সংখ্যা, নির্মাণব্যয় কিংবা বাস্তবায়নের সময়সীমা এখনও চূড়ান্ত হয়নি।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই বলেন, প্রস্তাবিত শহরের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সমন্বয় রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক রাখার প্রস্তাব রয়েছে। পরিকল্পিত আবাসন ও উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করে এলাকাটিকে রাজধানীর বিকল্প বসতি হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্পের বিস্তারিত কাঠামো নির্ধারণে সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনা তৈরি করা হবে। এসব কার্যক্রম শেষ হওয়ার পর প্রকল্পের বিভিন্ন বিষয় চূড়ান্ত করা সম্ভব হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশের এলাকায় নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাসের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, সেকেন্ডারি সিটির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসন চাহিদা পূরণে টঙ্গীতে পৃথক উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের ব্যবস্থা রাখা হচ্ছে। এতে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই নিম্ন আয়ের পরিবারগুলোর পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ তৈরি হবে।

প্রকল্পের সম্ভাব্য এলাকা ও যোগাযোগব্যবস্থা

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বলেন, সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কেরানীগঞ্জে সেকেন্ডারি সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার সুপারিশ ও সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে সব শ্রেণির মানুষের জন্য নিরাপদ আবাসিক পরিবেশ এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রকল্প প্রস্তাব তৈরি করা হচ্ছে।

জাগৃকের নথি অনুযায়ী, বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি নির্মাণের সম্ভাব্যতা যাচাই প্রকল্প নেওয়া হয়েছে।

প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা চলতি বছরের ১৬ এপ্রিল সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেন।

প্রস্তাবিত স্থানটি কেরানীগঞ্জের কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং দক্ষিণ ও উত্তর বাহেরচর এলাকায় অবস্থিত। বসিলা সেতু থেকে এলাকাটি প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে এবং কলাতিয়া বাজার থেকে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে।

নথিতে উল্লেখ করা হয়েছে, প্রকল্প এলাকার মাত্র ৫ থেকে ৮ শতাংশ জায়গায় বসতবাড়ি রয়েছে। বাকি অংশ মূলত এক ফসলি কৃষিজমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব জমিতে বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের বিলবোর্ডও দেখা গেছে।

প্রকল্প এলাকার পশ্চিম ও দক্ষিণ পাশ দিয়ে ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের প্রস্তাবিত সড়ক যাওয়ার কথা রয়েছে। এ সড়ক বাস্তবায়িত হলে সাভারের আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং মোহাম্মদপুরের যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

এলাকাটির প্রায় আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা নদী এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হয়েছে। প্রস্তাবিত বাইপাসের সঙ্গে সমন্বয় রেখে সেকেন্ডারি সিটির জন্য দুটি প্রধান প্রবেশ সড়ক রাখার সুপারিশ করা হয়েছে। পূর্ণাঙ্গ নাগরিক সুবিধা নিশ্চিত করতে অন্তত তিন হাজার একর জমিতে প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও নথিতে বলা হয়েছে।

আবাসন প্রকল্পে জাগৃকের চলমান কার্যক্রম

রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য এলাকায়ও পরিকল্পিত আবাসন সম্প্রসারণে কাজ করছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সংস্থাটির তথ্য অনুযায়ী, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে বর্তমানে ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় ছয় হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। এর মধ্যে দুটি প্রকল্প সরকারি অর্থায়নে এবং ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এ ছাড়া নতুন নয়টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ঢাকার আবাসন চাপ কমাতে কেরানীগঞ্জের পাশাপাশি ধামরাইয়েও সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

জাগৃকের তথ্যমতে, দেশের আট বিভাগের ৩৮টি জেলা ও আটটি উপজেলায় সংস্থাটির ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্পের মাধ্যমে ছয় হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ছয় হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়ে ভবিষ্যৎ আবাসন প্রকল্প বাস্তবায়নের সুবিধার্থে জমির তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহের মাধ্যমে ল্যান্ড ব্যাংক তৈরির কাজও চলছে।

এসব আবাসন প্রকল্পে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল ভবনের পাশাপাশি ভূমিকম্প সহনশীল অবকাঠামো, পরিকল্পিত পানি নিষ্কাশনব্যবস্থা, জলাধার, পার্ক ও উন্মুক্ত স্থান রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি খেলার মাঠ, সবুজ চত্বর, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থাসহ মানুষের সামর্থ্যের মধ্যে নিরাপদ ও স্বাস্থ্যকর আবাসন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com