শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

নিষেধাজ্ঞা অমান্য করে ডহুরি খালে অবাধে চলছে বাল্কহেড

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী, লৌহজং ও সিরাজদীখান উপজেলার সীমান্তবর্তী তালতলা-গৌরগঞ্জ খালে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে বালুবাহী বাল্কহেড। এসব নৌযানের সৃষ্ট ঢেউয়ের আঘাতে খালের দুই পাড় ভেঙে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা ও সড়ক।

ঝুঁকিতে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন স্থাপনা এবং কয়েকশ পরিবার। দিন-রাত বাল্কহেড চলাচল করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন খালপাড়ের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা থাকলেও কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযান না থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়ভাবে ডহুরি খাল নামে পরিচিত তালতলা-গৌরগঞ্জ খালটি তিন উপজেলার মানুষের যোগাযোগ, কৃষি ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। খালের দুই পাড়ে রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। একসময় নৌযোগাযোগ ও কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ খাল বর্তমানে বালুবাহী বাল্কহেডের অবাধ চলাচলে স্থানীয়দের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বালুবাহী বাল্কহেডগুলো দ্রুতগতিতে চলাচলের সময় খালে বড় বড় ঢেউ সৃষ্টি করে। এসব ঢেউ খালের দুই পাড়ে আছড়ে পড়লে পাড়ের মাটি ধসে যাচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরও বেড়ে যায়। ঢেউয়ের আঘাতে ফসলি জমির আইল, বসতভিটার অংশ ও খালের পাড় ভেঙে পড়ছে। এভাবে বছরের পর বছর জমি হারিয়ে নিঃস্ব হওয়ার আশঙ্কায় রয়েছেন অনেক কৃষক ও স্থানীয় পরিবার।

সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফুলকচি গ্রামের ফুলকচি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। খালের তীরবর্তী এ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান টুটুল বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি চক্রের মাধ্যমে বাল্কহেড চলাচল করছে। এসব নৌযানের ঢেউয়ে ফসলি জমি, বসতভিটা ও মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। খালের পাড়ে মানুষের বাড়িঘর এবং পাশেই সড়ক রয়েছে। এভাবে চলতে থাকলে একসময় অনেক পরিবারকে ভিটেমাটি হারাতে হবে। অবিলম্বে বাল্কহেড চলাচল বন্ধের পাশাপাশি খালের তীর রক্ষায় জিওব্যাগ ফেলা ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি।

মাদ্রাসার এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুস সালাম বলেন, খালের তীরবর্তী ফুলকচি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বাল্কহেডের ঢেউয়ে মাদ্রাসাসংলগ্ন তীরের মাটি ভেঙে পড়ছে। এতে যে কোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানাটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ মে লৌহজং উপজেলা প্রশাসন তালতলা-গৌরগঞ্জ খালে বাল্কহেড চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। তবে নিষেধাজ্ঞা জারির পরও খালে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ হয়নি। স্থানীয়দের দাবি, বর্তমানে দিন-রাত বাল্কহেড চলাচল করছে। একটি সংঘবদ্ধ চক্র আর্থিক লেনদেনের মাধ্যমে এসব নৌযান চলাচলের সুযোগ করে দিচ্ছে বলেও অভিযোগ তাঁদের। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, আগে প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান পরিচালনা করা হলেও বর্তমানে তা অনেকটাই কমে গেছে। প্রশাসনের অভিযানের খবর পেলে বাল্কহেডগুলো দ্রুত সরে যায়। অভিযান শেষ হলে আবারও আগের মতো চলাচল শুরু করে। ফলে নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। নিয়মিত নজরদারি, নৌ-পুলিশের টহল এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এ অবৈধ নৌযান চলাচল বন্ধ করা সম্ভব নয় বলে মনে করছেন তারা।

এ খালে বাল্কহেড চলাচল নিয়ে স্থানীয়দের উদ্বেগের পেছনে রয়েছে অতীতের প্রাণহানির ঘটনাও। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালে এ খালে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবে নারী ও শিশুসহ ১০ জনের প্রাণহানি ঘটে। এর আগেও বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ ও বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খালে বাল্কহেড চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু সময়ের ব্যবধানে নজরদারি কমে যাওয়ায় আবারও বাল্কহেড চলাচল বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, প্রশাসনের উপস্থিতি টের পেলে অবৈধ বাল্কহেডগুলো সরে যায়। এগুলো বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রামপুলিশ ও নৌ-পুলিশের সমন্বয়ে কমিটি করা হয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com