প্রথম সমাচার ডেস্ক:
গতবার আইপিএলের নিলামে রেকর্ড দামে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি তার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই তিক্ত অভিজ্ঞতার পর এবার আইপিএলের নিলামে নামই দেননি বাংলাদেশের এই বাঁহাতি পেসার। তার এমন সিদ্ধান্তের নেপথ্যের কারণ জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতবারের অপমানের স্মৃতি এখনও ভুলতে পারেননি মোস্তাফিজ। পাশাপাশি এবার নিলামে নাম দিয়ে দল না পেলে বাংলাদেশের সমর্থকদের কাছ থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়ার আশঙ্কাও রয়েছে তার।
মোস্তাফিজের সিদ্ধান্তের বিষয়ে অবগত একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ‘গতবারের ঘটনার ক্ষত এখনও মোস্তাফিজের মনে তাজা। এবার নিলামে অবিক্রীত থাকলে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়তে পারেন তিনি। সমর্থকরা তাকে লোভীও বলতে পারেন।’
অথচ শুরুতে আইপিএলের আগামী আসরে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন মোস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তার জন্য নিবন্ধনের লিংক উন্মুক্ত করে দিয়েছিল। তবে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেননি এই পেসার। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সদস্যদের বরাতে এমনটাই জানিয়েছে দেশের সংবাদমাধ্যম দেশ রূপান্তর।
গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা। আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সেটিই ছিল সর্বোচ্চ দাম। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার মধ্যে চলতি বছরের ৩ জানুয়ারি বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
সেই ঘটনার পর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল বিসিবি। আইসিসি সেই অনুরোধে সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলেছে স্কটল্যান্ড।
আইপিএলে নাম না দিলেও বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন মোস্তাফিজ। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। মেলবোর্ন রেনেগেডসের হয়ে এবার প্রথমবারের মতো খেলবেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও।
টাইমস অব ইন্ডিয়ার ওই সূত্রের দাবি, আগামী মৌসুমে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ফিরবেন মোস্তাফিজ। এর আগে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন বাংলাদেশের এই পেসার।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের ২০২৭ আসরের নিলাম। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নিলামের প্রাথমিক তালিকায় থাকা ১ হাজার ২২০ ক্রিকেটারের মধ্যে ১২ জন বাংলাদেশি। তবে সেই তালিকায় মোস্তাফিজের পাশাপাশি নেই সাকিব আল হাসানের নামও।
নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ৪ ডিসেম্বর। তবে আইপিএলের নিলামে নাম না দেওয়ার কারণ নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি মোস্তাফিজ।
সূত্র: মূল প্রতিবেদন

গোপালগঞ্জে এবার বিজিবির মামলা, আসামি ৫ হাজার ৮ জন