শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

রাতে ট্রাফিক বক্স পাহারার নির্দেশ, নিরাপত্তা শঙ্কায় পুলিশ সদস্যরা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় সম্প্রতি তিনটি ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনার পর বক্সগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে রাতে বিশেষ পাহারার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তবে নির্জন ও মহাসড়কসংলগ্ন এলাকাগুলোতে অস্ত্রবিহীন বা স্বল্পসংখ্যক ট্রাফিক পুলিশ সদস্য দিয়ে দায়িত্ব পালনে নিরাপত্তার শঙ্কায় ভুগছেন পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিএমপি হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। এতে সই করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।

আদেশে বলা হয়েছে, ট্রাফিক-উত্তর, দক্ষিণ, বন্দর ও পশ্চিম বিভাগের আওতাধীন প্রতিটি ট্রাফিক বক্সের নিরাপত্তার স্বার্থে প্রতিদিন রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত ডিউটি করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিটি বক্সে ১ জন সার্জেন্ট এবং ২ জন করে কনস্টেবল এই দায়িত্ব পালন করবেন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, রাত্রিকালীন নিরাপত্তা ডিউটি স্ব-স্ব বিভাগের উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ট্রাফিক-এডমিনরা নিয়মিতভাবে তদারকি করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ বুধবার হালিশহর বড়পুল এলাকার ট্রাফিক পুলিশ বক্সে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনার পরপরই সিএমপির পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগেও নগরীর আরও দুটি ট্রাফিক বক্সে একই ধরনের ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর অনেক ট্রাফিক বক্সই মহাসড়কের পাশে বা জনমানবশূন্য এলাকায় অবস্থিত। সাধারণত ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন এবং তাদের কাছে ভারী অস্ত্র বা পর্যাপ্ত আত্মরক্ষামূলক সরঞ্জাম থাকে না। এ অবস্থায় গভীর রাতে মাত্র তিনজন ট্রাফিক পুলিশ সদস্য নিয়ে নির্জন এলাকার বক্সগুলো পাহারা দেওয়া কতটা নিরাপদ, তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম ট্রাফিক পুলিশের এক সদস্য এশিয়া পোস্টকে বলেন, অফিস আদেশ আমাদের পালন করতেই হবে। কিন্তু গভীর রাতে সুনসান এলাকায় পুলিশ বক্সের নিরাপত্তা দিতে গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে মাত্র তিনজন দিয়ে কিছু হবে না। তখন কোনো প্রকার ঝুঁকি বা হামলা থেকে আমাদের তিন পুলিশ সদস্যকে রক্ষা করতে কে এগিয়ে আসবে।

আরেক পুলিশ সদস্য বলেন, আমরা নিরস্ত্র ট্রাফিক পুলিশ। ঝুঁকি নিয়ে এভাবে রাতে দায়িত্ব পালন করা খুবই কঠিন।

এ বিষয়ে জানতে চাইলে সিএমপি দক্ষিণ ট্রাফিক পুলিশের ডিসি মোহাম্মদ লিয়াকত আলী খান এশিয়া পোস্টকে বলেন, গতকাল সারা রাত ডিউটি করেছি। এ বিষয়ে কিছু বলতে পারব না, সিএমপির পিআরও আছেন, তাকে জিজ্ঞেস করুন।

পরে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনও কিছু জানি না।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com