প্রথম সমাচার ডেস্ক:
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) এলিট কনভেনশন হলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবীর।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. আবুল কালাম, স্কুল অব ল-এর ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান ও প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, নবীন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, পরীক্ষা পদ্ধতি, শিক্ষার্থী সহায়তা সেবা, লাইব্রেরি ও ল্যাবরেটরি সুবিধা এবং বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানানো হয়। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক ড. আমাম হোসাইন বাগদাদী। তিনি নিজের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার মাধ্যমে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সফল হওয়ার জন্য উৎসাহিত করেন।
অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহযোগিতায় নবীনবরণের সাংস্কৃতিক পর্বের প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের সংগীত পরিবেশনা। ব্যান্ডটির পরিবেশনায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা আনন্দে মেতে ওঠেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের নৃত্য পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একাডেমিক পরিবারের সদস্য হিসেবে নতুন যাত্রা শুরু করলেন। প্রথম দিনের পরিচিতি ও দিকনির্দেশনা তাদের পরবর্তী শিক্ষাজীবনের জন্য সুদৃঢ় ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে।
সূত্র: মূল প্রতিবেদন
