প্রথম সমাচার ডেস্ক:
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সেন্টমার্টিন দ্বীপের সমুদ্রসৈকতে মোটরসাইকেলসহ সব ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ। কিন্তু সরকারি সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৈকতের বালুচরে একাধিক মোটরসাইকেল নিয়ে ঘুরেছেন টেকনাফ উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। তাদের এ কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ‘টেকনাফ উপজেলা ছাত্রদল’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। এতে সাতটি মোটরসাইকেলে করে ছাত্রদলের নেতাকর্মীদের সেন্টমার্টিন সৈকতে চলাচল করতে দেখা যায়।
ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েমুল ইসলাম, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার সাবেক সহসাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সৈকত এবং হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদলের নেতা মালেক হোসেন নোবেল। এ ছাড়া সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকেও ভিডিওতে দেখা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি টেকনাফ উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যান। এ সময় তারা সৈকতের বালুচরে একাধিক মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করেন। পরে তাদের মোটরসাইকেল চলাচলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সৈকতে মোটরসাইকেল চালানোর বিষয়টি স্বীকার করেছেন টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম। তবে এটিকে শোডাউন বলতে নারাজ তিনি।
শামীম গণমাধ্যমে বলেন, ‘সৈকত দিয়ে এক পাড়া থেকে অন্য পাড়ায় গিয়েছিলাম। এটি আমাদের কোনো বাইক শোডাউন নয়। এখানে বেশি বাইক ছিল না, চার-পাঁচটি বাইক মাত্র। সৈকতে বাইক চলাচল নিষিদ্ধ, সে বিষয়ে আমি অবগত ছিলাম। তবে এখানে আরও অনেককে বাইক নিয়ে ঘুরতে দেখেছি।’
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী বলেন, ‘এ বিষয়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবেশ সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে। এসব বন্ধে অভিযান কার্যক্রম চলমান থাকবে।’
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, সেন্টমার্টিনের সৈকতে যেকোনো ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। দ্বীপের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এর আগে গত ২৩ নভেম্বর সেন্টমার্টিন দ্বীপে পরিবেশদূষণের দায়ে অভিযান চালিয়ে সেন্ট ক্যাসেল রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করে প্রশাসন। একই দিন সৈকতের বালুচরে নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোর অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। এর চার দিন পরই ছাত্রদলের নেতাকর্মীদের মোটরসাইকেল নিয়ে সৈকতে চলাচলের ভিডিও প্রকাশ্যে এল।
সূত্র: মূল প্রতিবেদন

মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: এমপি ফজলুর রহমান