প্রথম সমাচার ডেস্ক:
১৯ নভেম্বর পাকিস্তানের সিনেটররা ইসলামাবাদ মডেল জেলের পরীক্ষামূলক স্থাপনা পরিদর্শন করেন এবং বন্দিদের জন্য নির্ধারিত স্বাস্থ্যসেবা সুবিধাগুলো ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তাঁরা এসব সুবিধাকে ‘পর্যাপ্ত’ বলে অভিহিত করেন। তবে তাঁদের জন্য নির্ধারিত এই পরিদর্শনে দেখা পরিস্থিতির সঙ্গে পাকিস্তানের বিচারব্যবস্থায় অধিকাংশ বন্দির বাস্তব অভিজ্ঞতার বিস্তর পার্থক্য রয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ পাকিস্তানের কারাগারগুলোতে কাঠামোগত ও পদ্ধতিগত নানা সমস্যা নথিভুক্ত করেছে। এসব সমস্যার কারণে অধিকাংশ বন্দির স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ খুবই সীমিত। কারাগারে অসুস্থ হয়ে পড়া অনেক বন্দিই সময়মতো কিংবা যথাযথ চিকিৎসাসেবা পান না।
পেশোয়ার কেন্দ্রীয় কারাগারে চিকিৎসা দিতে কথিত বিলম্বের কারণে দুই বন্দির মৃত্যুর পর এক আইনজীবী পেশোয়ার হাইকোর্টে আবেদন করেন। আবেদনে তিনি প্রদেশের সব কারাগারে বন্দিরা কখন চিকিৎসাসহায়তা চেয়েছেন, তা নথিভুক্ত করার বাধ্যবাধকতা এবং জরুরি প্রয়োজনে হাসপাতালে স্থানান্তরের জন্য সুস্পষ্ট প্রক্রিয়া চালুর দাবি জানান।
ঔপনিবেশিক আমলের আইন দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের কারাগারের কার্যক্রমে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছে। কখনো কখনো কারাগারের দুরবস্থাকে কাজে লাগিয়ে বন্দি রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানিও করা হয়েছে।
আইনজীবীর প্রকাশ করা ১৬ নভেম্বরের এক চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের এবং তাঁর স্ত্রী বুশরা বিবির জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন। চিঠিতে তিনি নিজের উচ্চ রক্তচাপ এবং স্ত্রীর চোখের অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। ইমরান খানের এই আবেদন কারাবন্দি অবস্থায় চিকিৎসাসেবা না পাওয়ার বিষয়ে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অভিযোগেরই প্রতিধ্বনি। তাঁদের সবার অভিযোগ, শাস্তি দেওয়ার উদ্দেশ্যে কারা কর্তৃপক্ষ চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ থেকে তাঁদের বঞ্চিত করেছে।
পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারগুলোর উচিত কারাগারের স্বাস্থ্যসেবাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা। বিশেষ করে, জাতিসংঘের বন্দিদের সঙ্গে আচরণের জন্য প্রণীত স্ট্যান্ডার্ড মিনিমাম রুলস (ম্যান্ডেলা রুলস) অনুসরণ করা প্রয়োজন। এসব নিয়মে বলা হয়েছে, বন্দিদের সমাজের সাধারণ মানুষের জন্য বিদ্যমান মানের সমতুল্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা বিনা মূল্যে দিতে হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
অক্টোবরে জাস্টিস প্রজেক্ট পাকিস্তান প্রদেশগুলোর মধ্যে অভিন্ন স্বাস্থ্যসেবা মানদণ্ড চালুর আহ্বান জানায়। এর মাধ্যমে বন্দিরা প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন এবং কারামুক্তির পরও তাঁদের চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হবে।
পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারগুলোর উচিত চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে সরবরাহ করা এবং চিকিৎসাসেবা পেতে রোগীদের কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, তা নথিভুক্ত করার জন্য কারা কর্তৃপক্ষকে বাধ্য করা। জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন হলে কারা কর্তৃপক্ষের উচিত দ্রুত পরিবহনের ব্যবস্থা করা।
রাজনৈতিক সংশ্লিষ্টতা বা মর্যাদা যা-ই হোক না কেন, সব বন্দি যাতে সময়মতো পর্যাপ্ত চিকিৎসাসেবা পান এবং তাঁদের চিকিৎসা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকে, তা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে।
সূত্র: মূল প্রতিবেদন

আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকছেন প্রধানমন্ত্রী