প্রথম সমাচার ডেস্ক:
ইরান যুদ্ধের অবসান এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ হিসেবে প্রচার করা হয়েছিল গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠককে। কিন্তু বৈঠকটি প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। চীনের শেনজেনে বৈঠক শেষে প্রকাশিত ‘বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি’ শীর্ষক যৌথ ঘোষণায় ইরান কিংবা ইউক্রেনের যুদ্ধের কোনো উল্লেখ ছিল না। আন্তর্জাতিক নিরাপত্তা জোরদারে সুনির্দিষ্ট কোনো অঙ্গীকারও করা হয়নি।
যাঁরা আশা করেছিলেন, ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তাঁদের জন্য এই সম্মেলন আরও একটি বিষয় স্পষ্ট করেছে। তা হলো, সফল হওয়ার সম্ভাবনা কম—এমন উচ্চঝুঁকির সংঘাতে আনুষ্ঠানিক মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে বেইজিংয়ের আগ্রহ নেই। প্রকৃতপক্ষে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রতি চীনের প্রতিক্রিয়া একই সঙ্গে সুযোগসন্ধানী ও বাস্তববাদী। এর মাধ্যমে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর কাছে নিজেদের ভাবমূর্তির স্বার্থ রক্ষা করছে চীন। পাশাপাশি সংঘাতের সবচেয়ে গুরুতর অর্থনৈতিক প্রভাব থেকেও নিজেদের সুরক্ষিত রাখছে।
বিভিন্ন দিক থেকে বিবেচনা করলে দেখা যায়, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত ছিল চীন। ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ—যখন ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছিলেন—তখন চীন বিশ্বের বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেলের মজুত গড়ে তুলেছিল। এর একটি অংশ সংগ্রহ করা হয়েছিল তথাকথিত ‘টি-পট রিফাইনারি’র মাধ্যমে রাশিয়া ও ইরান থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা সস্তা তেল আমদানি করে। এই মজুত গড়ে তোলার ফলে চীনের বিভিন্ন সংরক্ষণাগারে আনুমানিক ১৪০ কোটি ব্যারেল তেল জমা হয়েছিল, যা দেশটির নিট আমদানির প্রায় ১১০ থেকে ১৪০ দিনের চাহিদার সমান। এর ফলে হরমুজ প্রণালির ওপর জ্বালানি সরবরাহের নির্ভরতা কমাতে সক্ষম হয় বেইজিং।
চীনের তেলের মজুত এবং জীবাশ্ম জ্বালানির বিকল্প উৎসে বিনিয়োগ দেশটির অর্থনীতিতে বিদ্যুতায়ন বাড়াতে সহায়তা করেছে। এসব কারণে সাম্প্রতিক জ্বালানিসংকট বেশ ভালোভাবেই মোকাবিলা করতে পেরেছে চীন। বিশেষ করে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় দেশটির পরিস্থিতি ছিল ভালো। ওই দেশগুলোকে হয় বেশি দামে জ্বালানি কিনতে হয়েছে, নয়তো জ্বালানির ব্যবহার কমাতে হয়েছে।
বেইজিংয়ের জন্য এই অভিজ্ঞতা সমুদ্রপথের সংকীর্ণ ও গুরুত্বপূর্ণ নৌপথগুলো নিয়ে দীর্ঘদিনের কৌশলগত উদ্বেগের যথার্থতা প্রমাণ করেছে। এর মধ্যে মালাক্কা-তাইওয়ান করিডরের মতো নৌপথও রয়েছে। পাশাপাশি স্বল্প-কার্বনভিত্তিক শিল্পনীতি গ্রহণের মাধ্যমে এসব নৌপথের ওপর নির্ভরতা কমানোর গুরুত্বও তুলে ধরেছে এই অভিজ্ঞতা। একই সঙ্গে এটি দেখিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা রক্ষা এবং চাহিদা কমিয়ে বৈশ্বিক তেলের দামকে প্রভাবিত করতে একটি ‘ভূ-অর্থনৈতিক হাতিয়ার’ গড়ে তোলার সক্ষমতা বেইজিংয়ের রয়েছে।
ইরান যুদ্ধ বর্তমান মার্কিন সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা এবং বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধের কার্যকারিতা সম্পর্কেও বেইজিংকে ধারণা দিয়েছে। গত কয়েক মাসের ঘটনাপ্রবাহে দেখা গেছে, ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে পারবে না। তবে উপসাগরীয় অঞ্চলে দেশটির অসম যুদ্ধকৌশলের ব্যবহার একটি বড় দুর্বলতা সামনে এনেছে। তা হলো, সস্তা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কার্যকর প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মোতায়েন করা ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থার সীমাবদ্ধতা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন পক্ষ, বিশেষ করে হুতিরা সফলভাবে এই কৌশল ব্যবহার করেছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের নির্ভুল নিশানাভিত্তিক অস্ত্র এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রতিরোধী ক্ষেপণাস্ত্র দ্রুত ফুরিয়ে আসায় গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের মজুতের ঘাটতিও প্রকাশ পেয়েছে। চীনের সম্ভাব্য আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষার জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন, সেগুলোর মজুত নিয়েও প্রশ্ন উঠেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে মার্কিন সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার বিষয়টি এ প্রশ্ন আরও জোরালো করেছে।
মধ্যপ্রাচ্যে সরকার পরিবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধ এবং সেখান থেকে বেরিয়ে আসার কার্যকর কৌশল খুঁজে পেতে ওয়াশিংটনের ব্যর্থতাও চীনের ভাবমূর্তির স্বার্থে কাজ করছে। মধ্যপ্রাচ্যে নিরাপত্তার দায়িত্ব নিতে বেইজিং আগ্রহী নয়। তবে অঞ্চলটি নিয়ে চীনের সরকারি বক্তব্য ও দৃষ্টিভঙ্গিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পষ্ট পার্থক্য তুলে ধরার চেষ্টা রয়েছে। চীনের এই দৃষ্টিভঙ্গির মূল ভিত্তি হলো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং আন্তর্জাতিক আইন মেনে চলার (নির্বাচিত কিছু ক্ষেত্রে) অঙ্গীকার।
মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের এই আনুষ্ঠানিক ‘নিরপেক্ষ বয়ান’ বেশ জনপ্রিয়। সাম্প্রতিক বছরগুলোতে পরিচালিত বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, মধ্যপ্রাচ্যের জনগণের কাছে যুক্তরাষ্ট্রের তুলনায় চীন সম্পর্কে ইতিবাচক ধারণা বেশি।
তবে বক্তব্যের বিপরীতে চীন কোনো নিরপেক্ষ পক্ষ নয়। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ‘শান্তি আলোচনা এগিয়ে নেওয়া’ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করার অঙ্গীকার প্রকাশ্যে করলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চীন ইরানকে ক্ষেপণাস্ত্রব্যবস্থা এবং ড্রোন তৈরিতে ব্যবহারযোগ্য দ্বৈত-ব্যবহারযোগ্য সরঞ্জাম সরবরাহ করেছে। চীনের সরবরাহ করা স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্য হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি করতে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালাতে ইরানকে সক্ষম করেছে।
এদিকে ইরানের সমর্থনপুষ্ট হুতি যোদ্ধারাও চীনের সরবরাহ করা যন্ত্রাংশ ব্যবহার করে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে এবং সামরিক স্বায়ত্তশাসন বাড়াচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। এর মধ্যেই তারা আবার সৌদি আরবের সঙ্গে নতুন করে সংঘাতে জড়িয়েছে। অন্যদিকে, ২০২৪ সালের মতো এবারও হুতিদের সঙ্গে পৃথক চুক্তি করার চেষ্টা করছে চীন। এর উদ্দেশ্য, বাব আল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি আরব থেকে সমুদ্রপথে জাহাজ চলাচল নিশ্চিত করা এবং তেলবাহী ট্যাংকারে হামলা ঠেকানো।
এসব যোগসূত্রের কারণে চীনের মধ্যস্থতার প্রচেষ্টা সীমিত পর্যায়েই থাকার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক মধ্যস্থতায় চীনের সম্পৃক্ততা বেড়েছে। তবে ২০২৩ সালে সৌদি আরব ও ইরানের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ক্ষেত্রে চীনের ভূমিকা দেখিয়েছে, দেশটির কূটনীতি এখনো একধরনের আধা-মধ্যস্থতাকারীর ভূমিকায় সীমাবদ্ধ। এতে প্রতীকী তৎপরতা বেশি থাকলেও রাজনৈতিক ঝুঁকি নেওয়ার প্রবণতা কম।
ইরানের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের আগ্রহের সঙ্গে চীনেরও আপাতদৃষ্টিতে মিল রয়েছে। তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ওয়াশিংটনের মনোযোগ অন্যদিকে সরে যাওয়াকে বেইজিং কিছু কৌশলগত সুবিধা হিসেবে দেখছে বলে ধারণা করা হয়। অন্যদিকে, ইরানের আচরণ পুরোপুরি নিয়ন্ত্রণ ও প্রভাবিত করার এবং কার্যকর কূটনৈতিক সমাধানের পথ নিশ্চিত করার সক্ষমতা চীনের রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
সুতরাং, আপাতত শান্তির কথা বলার যথেষ্ট কারণ থাকলেও তা প্রতিষ্ঠায় উদ্যোগী হওয়ার কারণ চীনের খুব বেশি নেই বলেই মনে হচ্ছে। শেনজেন সম্মেলন বিষয়টি স্পষ্ট করে দিয়েছে—ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইলে শি জিনপিংয়ের সহায়তা ছাড়াই সেই পথ খুঁজে নিতে হবে ট্রাম্পকে।
সূত্র: মূল প্রতিবেদন

আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকছেন প্রধানমন্ত্রী