প্রথম সমাচার ডেস্ক:
মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ছয়জন। এসময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় একটি মোটরসাইকেলে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে দুই ঘণ্টাব্যাপী।
পুলিশ, স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
সংঘর্ষে অন্তত ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকার উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: মূল প্রতিবেদন

বেনাপোলে বিএনপির মশাল মিছিল, স্লোগানে মুখর রাজপথ