প্রথম সমাচার ডেস্ক:
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনেরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীগুলো নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকার উদ্বিগ্ন নয়।
ঢাকায় নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হয়। এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
এ সময় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফজরের নামাজের পর ওই এলাকায় একটি ঘটনা ঘটেছে। একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টির চেষ্টা করেছিল। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দুজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে।
ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
