প্রথম সমাচার ডেস্ক:
কক্সবাজারের ইনানীতে গ্যাসের আগুন নিয়ন্ত্রণের দুই দিনের মাথায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী দ্বগ্ধ ও আহত হয়েছেন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম বলেন, গত ২৭ তারিখ ইনানী পাইপ লাইন থেকে নির্গত গ্যাসে আগুন বন্ধ করার পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণে আগুনের কুণ্ডলি বের হয়। এতে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিক মেকানিক ফিরোজ আহমেদ ও রিক মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন।’ এ ঘটনার পর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কারিগরি কার্যক্রম দাবী করে বাপেক্সের বাপেক্সের বিভাগীয় প্রধান শ্যামল কুমার বলেন, কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নিয়ে কূপের মুখে গ্যাসের চাপ কমিয়ে আনা হয়েছে। এখন ধাপে ধাপে কূপটিকে নিরাপদ করে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য প্রস্তুত করা হবে।
তিনি জানান, কূপটি সম্পূর্ণ নিরাপদ হওয়ার পর এলাকায় নতুন করে জিওলজিক্যাল সার্ভে ও সিসমিক সার্ভে পরিচালনা করা হবে। এসব জরিপের তথ্য বিশ্লেষণ করে ওই এলাকায় বাণিজ্যিকভাবে গ্যাসের মজুত রয়েছে কিনা, তা জানাযাবে।
বাপেক্সের ব্যবস্থাপক এসএম নাফিসুল আরফান জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাস লাইনের মাধ্যমে বের হওয়া গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা দুটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
সূত্র: মূল প্রতিবেদন
