প্রথম সমাচার ডেস্ক:
গোপালগঞ্জ জেলায় বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেন বন্ধের ঘটনায় বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কোনো পূর্ব ঘোষণা বা সুনির্দিষ্ট আইনগত কারণ ছাড়াই একটি জেলার মানুষের আর্থিক লেনদেন বন্ধ করে দেওয়াকে স্বেচ্ছাচারী ও গ্রাহক অধিকারের পরিপন্থী উল্লেখ করে দ্রুত সেবা চালুর দাবি জানানো হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে আরিফ শেখ নামে এক ব্যক্তির পক্ষে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান।
নোটিশটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক এবং ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
আইনি নোটিশে বলা হয়, গত ২৫ নভেম্বর কোনো ধরনের পূর্ব ঘোষণা, গণবিজ্ঞপ্তি কিংবা সুনির্দিষ্ট আইনগত ও নিয়ন্ত্রক কারণ ছাড়াই বিকাশ লিমিটেড, নগদ লিমিটেড এবং ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের গোপালগঞ্জ জেলার লেনদেন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আকস্মিক এ সিদ্ধান্তের ফলে জেলার ১০ লাখের বেশি মানুষ মোবাইল ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হয়েছেন।
নোটিশে উল্লেখ করা হয়, সেবা বন্ধ থাকায় গ্রাহকরা নিজেদের জমা রাখা অর্থ উত্তোলন, অন্যের কাছে টাকা পাঠানো এবং ইউটিলিটি বিল পরিশোধসহ দৈনন্দিন প্রয়োজনীয় আর্থিক লেনদেন করতে পারছেন না। এতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও প্রবাসীদের পরিবারের সদস্যরাও চরম ভোগান্তিতে পড়েছেন। আকস্মিক এ সিদ্ধান্তে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
নোটিশে আরও বলা হয়, বিকাশ, নগদ ও রকেট বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত ও নিয়ন্ত্রিত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। ফলে বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশনস, ২০১৪ এবং বাংলাদেশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস রেগুলেশনস, ২০২২-সহ প্রচলিত আইন, বিধিবিধান ও গ্রাহক সুরক্ষা নীতিমালা মেনে চলা তাদের জন্য বাধ্যতামূলক।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, কোনো নির্দিষ্ট গ্রাহকের অ্যাকাউন্ট বা লেনদেন নিয়ে আইনগত, কমপ্লায়েন্স কিংবা অর্থপাচারসংক্রান্ত সন্দেহ দেখা দিলে প্রচলিত আইন অনুযায়ী ওই অ্যাকাউন্ট যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সুনির্দিষ্ট আদেশ, আইনগত ভিত্তি কিংবা পূর্ব নোটিশ ছাড়া একটি সম্পূর্ণ জেলার মানুষের আর্থিক লেনদেন বন্ধ করে দেওয়া অযৌক্তিক ও স্বেচ্ছাচারী। এতে গ্রাহকদের অধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি আর্থিক সেবার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
আন্তর্জাতিক ব্যাংকিং ও পেমেন্ট ব্যবস্থার স্বীকৃত নীতিমালার প্রসঙ্গ তুলে নোটিশে বলা হয়, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার নামে কোনো নির্দিষ্ট অঞ্চল বা জনগোষ্ঠীকে ঢালাওভাবে আর্থিক সেবা থেকে বিচ্ছিন্ন করা সমীচীন নয়। এ ধরনের পরিস্থিতিতে সুনির্দিষ্ট ঝুঁকি চিহ্নিত করে আনুপাতিক ও লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ ছাড়া সংবিধানের ২৭, ৩১, ৪০ ও ৪২ অনুচ্ছেদের উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, আইনের দৃষ্টিতে সমতা, আইনের আশ্রয় লাভ, পেশা ও ব্যবসা পরিচালনার স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার নাগরিকদের সাংবিধানিক অধিকার। মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের কারণে এসব অধিকার চর্চায় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিশেষ করে গ্রাহকরা নিজেদের অর্থের ওপর স্বাভাবিক নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন লেনদেন পরিচালনায় সমস্যায় পড়ছেন।
জনস্বার্থ বিবেচনায় নোটিশে বাংলাদেশ ব্যাংকের কাছে কয়েকটি জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধের প্রকৃত কারণ তদন্ত করা এবং বিকাশ, নগদ ও রকেটকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলার সাধারণ ও নির্দোষ গ্রাহকদের অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন কার্যক্রম পুরোপুরি সচল করার নির্দেশ দেওয়া।
একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট লিখিত অনুমোদন ও আইনগত ভিত্তি ছাড়া ভবিষ্যতে কোনো নির্দিষ্ট অঞ্চল বা জনগোষ্ঠীর জন্য ঢালাওভাবে মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য আর্থিক সেবা বন্ধ না করার বিষয়ে বাধ্যতামূলক নির্দেশনা জারির দাবি জানানো হয়েছে।
অযৌক্তিকভাবে সেবা বন্ধ রাখার কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং এ বিষয়ে গৃহীত পদক্ষেপ ও সংশ্লিষ্ট আদেশের অনুলিপি নোটিশদাতাকে সরবরাহ করার অনুরোধও জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, এটি পাওয়ার সাত দিনের মধ্যে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরিফ শেখের পক্ষে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে। সে ক্ষেত্রে মামলার যাবতীয় আইনি খরচ ও আনুষঙ্গিক দায়দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী