সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
Logo
×

নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী খাগড়াছড়ি সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

খাগড়াছড়ির চেঙ্গি ব্রিজ এলাকায় প্রধান সড়কে টায়ারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেন। রোববার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে খাগড়াছড়ির ঢাকা-চট্টগ্রাম সড়কের খবংপুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তারা হঠাৎ সড়কে আগুন দেখতে পান। এ সময় চার-পাঁচজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে পেট্রোল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, হঠাৎ কয়েকজন সড়কে এসে আগুন জ্বালানোর চেষ্টা করে। স্থানীয়রা তাদের ধাওয়া দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান জেলা বিএনপির নেতাকর্মীরাও। খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা বলেন, সড়কে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার পর স্থানীয় কয়েকজন তাদের ধাওয়া করেন। সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলার বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com