আগামী বছর অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি-২৭
) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের অধীনে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হয়ে বিভিন্ন বিষয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ১৪ মার্চ রোববার বাংলা (আবশ্যিক)-১ম পত্র ও সহজ বাংলা-১ম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে বাংলা-২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার বিভিন্ন বিষয়ের পরীক্ষাও নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ধর্মীয় শিক্ষা বিষয়ের পরীক্ষা রাখা হয়েছে ১৫ এপ্রিল বুধবার। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথক নির্দেশনাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। সংগীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং আগামী ২২ এপ্রিলের মধ্যে তা সম্পন্ন করে নম্বর অনলাইনে এন্ট্রি করতে হবে। কেন্দ্রসচিব বা তাঁর প্রতিনিধিকে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।
বিশেষ নির্দেশাবলিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে বসতে হবে। প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে, উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না এবং দুই অংশে আলাদাভাবে পাস করতে হবে।
প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সংগ্রহ করতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকেও একই সময়ের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে, এ বিষয়ে জটিলতা হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন বলে সতর্ক করা হয়েছে।
পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ কেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবেন না। ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে এবং এ সংক্রান্ত প্রক্রিয়া, তারিখ ও সময় দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরে এই সময়সূচি সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
