১৬ বছরের কম বয়সী শিশু ও কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছে লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূরী সংগঠনটির পক্ষে এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের অবাধ ব্যবহার শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে।
ডিজিটাল মাধ্যমের অপব্যবহারের ফলে তারা পর্নোগ্রাফি ও অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে, যা অনেক ক্ষেত্রে অভিভাবকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, দেশের অধিকাংশ অভিভাবকের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা সন্তানদের অনলাইন কার্যক্রম কার্যকরভাবে নজরদারি করতে পারছেন না। এই পরিস্থিতিতে রাষ্ট্রকেই দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসতে হবে বলে নোটিশে দাবি করা হয়।
নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের উপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না মিললে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, বিশ্বের একাধিক দেশ ইতোমধ্যে অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন করেছে। অস্ট্রেলিয়া সম্প্রতি ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করেছে।
বাংলাদেশেও এই নোটিশকে কেন্দ্র করে শিশু সুরক্ষায় ডিজিটাল নিয়ন্ত্রণের বিষয়টি নতুনভাবে আলোচনায় উঠে এসেছে।
