ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শনিবার রাতে বিক্ষোভ করেছেন ইডেন মহিলা কলেজের একদল শিক্ষার্থী। এ সময় তাঁরা কলেজের মূল ফটকের তালা ভেঙে বাইরে বের হন এবং একটি ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার চেষ্টা করেন।
রাত ১১টার দিকে শিক্ষার্থীরা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কলেজের প্রধান ফটকে কালো রঙে ‘সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইডেন ক্যাম্পাস’ লিখে দেন তাঁরা।
শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যায় কলেজ ফটকে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রঙ দিয়ে মুছে ফেলা হয়। এর প্রতিবাদেই তাঁরা আন্দোলনে নামেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ করতে হবে।
এদিকে ইডেন কলেজ ছাত্রদলের এক পদপ্রত্যাশীর ব্যানারে আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে জানা গেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও মতপ্রকাশের অধিকার রয়েছে। একই সঙ্গে তিনি ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে ‘মব সৃষ্টির’ অভিযোগও তোলেন।
