দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত হয়েছে বলে জানা যায়। আর বাকি আটজনের মধ্যে হাম-সদৃশ উপসর্গ ছিল।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯২ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১১ জনের।
গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দুই মাসে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে। এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৪১৬ জন।
এছাড়া একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।
মৃত্যুর হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গে ৮ জন এবং নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে ৩৭৭ জন এবং নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সমস্যা সমাধানে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং সচেতনতা বাড়ানো এখন জরুরি হয়ে পড়েছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মতামত ব্যক্ত করেছেন।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর
