ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, ভয়ভীতি ও নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় উপজেলার সাহরাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সায়েস্তা ইউনিয়ন উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সায়েস্তা ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মুফতি সোলাইমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।
বক্তারা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুফতি মোজাফ্ফর হোসেন, সাহরাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাঈমুর রহমান, সাহরাইল বাজার মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালাহউদ্দিন এবং স্থানীয় বিএনপি নেতা আমজাদ হোসেন মৃধা।
বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, ভয়ভীতি ও নির্যাতনের ঘটনাগুলো মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। ধর্মীয় বিভাজন ও উসকানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সময় বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুসলিম নির্যাতনের ঘটনায় বিশ্ববাসীকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
পরে একটি বিক্ষোভ মিছিল সাহরাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে ইউনিয়ন পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে কালাচাঁন টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
সবশেষে মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা এবং নির্যাতিতদের মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
