রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল জব্দ

প্রথম সমাচার ডেস্ক ১৬ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে এক জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৯ বস্তা চাল উদ্ধার করা হয়।

অভিযুক্ত আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির বলে জানা গেছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, দীর্ঘদিন ধরে সামাদের বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হচ্ছিল। পরে সেসব চাল অতিরিক্ত দামে বিক্রির অভিযোগও ওঠে। খবর পেয়ে স্থানীয় লোকজন তার বাড়িতে গেলে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চাল দেখতে পান। এ সময় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও চরজব্বর থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে অভিযোগ ওঠে, খবর দেওয়ার বেশ কয়েক ঘণ্টা পর প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত সামাদ আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

এ বিষয়ে আবদুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, চালগুলো তিনি রামগতির একটি মাদ্রাসা থেকে কিনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৯ বস্তা চাল জব্দ করা হয়েছে। বর্তমানে চালগুলো প্রশাসনের হেফাজতে রয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে না পারলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...