সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×
পরিবারের দাবি হত্যা

ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম সমাচার ডেস্ক ১৭ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

ফেনীর সদর উপজেলায় জান্নাতুল মাওয়া (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার ইলাশপুর গ্রামের কৃষ্ণ ভূঁইয়ার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল মাওয়া সদর উপজেলার আমতলী এলাকার আব্দুস সাত্তারের মেয়ে। প্রায় দুই বছর আগে সৌদি প্রবাসী হৃদয় ভূঁইয়ার সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জান্নাতুলের কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তার ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।

পরে দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, জান্নাতুলকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...