মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের সরকারি পরিকল্পনার বিরোধিতা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সম্প্রতি এক বিবৃতিতে তিনি এই পদক্ষেপকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে সরকারকে তা থেকে সরে আসার আহ্বান জানান।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের কথা ভাবছে।
তিনি উল্লেখ করেন, মোটরসাইকেলের মালিক ও চালকেরা সাধারণত সম্পদশালী নন — জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহন ব্যবহার করেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাজস্ব আহরণের স্বার্থে করের আওতা বাড়ানোর প্রয়োজনীয়তা থাকতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো কোনোভাবেই সমীচীন নয়।
তিনি আশা প্রকাশ করেন, সরকার এই ধরনের চিন্তা থেকে সরে আসবে। একই সাথে তিনি সতর্ক করে দেন, এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হলে তা জনস্বার্থবিরোধী হিসেবেই বিবেচিত হবে।
উল্লেখ্য, আসন্ন বাজেটকে সামনে রেখে মোটরসাইকেলে বার্ষিক কর আরোপের বিষয়টি নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হলে সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্ট মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
