যশোরের বেনাপোল রেলস্টেশনে ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রেনে অভিযান চালিয়ে ৩২০ বোতল নিষিদ্ধ ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রেনে কোডিন ফসফেট মেশানো ‘এস্কাফ’ সিরাপ বাংলাদেশে পাচার হচ্ছে — এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সদস্যরা বাংলাদেশ রেলওয়ে পুলিশের সহযোগিতায় ট্রেনটিতে যৌথ তল্লাশি চালান এবং একটি বগির নিচে ইঞ্জিনের সঙ্গে বিশেষভাবে বেঁধে রাখা অবস্থায় সিরাপগুলো উদ্ধার করেন।
‘এস্কাফ’ ভারতে কাশির ওষুধ হিসেবে পরিচিত হলেও কোডিন ফসফেটের কারণে এটি তীব্র নেশার উপকরণ হিসেবে ব্যাপকভাবে অপব্যবহার হওয়ায় ভারতেও এটি নিষিদ্ধ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গত কয়েক বছর ধরে মাদককারবারিরা বিভিন্ন কৌশলে এই সিরাপ বাংলাদেশে পাচার করে আসছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরাও। বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, কিছু অসাধু চক্র বেনাপোল স্থলবন্দর ও রেলপথ ব্যবহার করে নিয়মিত মাদক পাচারের চেষ্টা করছে, যা নিরাপদ বাণিজ্য ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। তিনি মাদক প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি আরও জোরদারের দাবি জানান।
বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আইনাল হোসেন জানান, বিজিবি ও রেল পুলিশের যৌথ উদ্যোগেই চালানটি উদ্ধার সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে পণ্যবাহী ট্রেনে নজরদারি আরও বাড়ানো হবে এবং এই পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
