রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

পাকিস্তানে ট্রেনে ভয়াবহ বোমা হামলা, নিহত ২৪

আন্তর্জাতিক প্রথম সমাচার ২৪ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবাহী একটি ট্রেনে ভয়াবহ গাড়িবোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

এই নৃশংস হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং ৮২ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

রোববার (২৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে প্রাদেশিক রাজধানী কোয়েটার চামান পট্টক সিগন্যাল এলাকায় জাফর এক্সপ্রেস নামের শাটল ট্রেনটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে পেশোয়ারের উদ্দেশে রওনা দিয়েছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ৭০ কেজির বেশি বিস্ফোরকভর্তি একটি গাড়ি সরাসরি ট্রেনের বগিতে ধাক্কা দেয়, যার ফলে বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্র আঘাতে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগি সম্পূর্ণরূপে উল্টে যায়। পাশাপাশি ট্রেনের আশেপাশে থাকা একাধিক বেসামরিক যানবাহনও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং জরুরি উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মধ্যে ৫৭ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে, যাদের বেশ কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

পাকিস্তান রেলওয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে রেসকিউ ট্রাক ও একটি বিশেষ সহায়তাকারী ট্রেন পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ এই হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) দায়ী করেছে। বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে সক্রিয় এই সংগঠনটি এর আগেও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বহু রক্তক্ষয়ী হামলা পরিচালনা করেছে।

ঈদের আনন্দমুখর পরিবেশে এই বর্বর হামলা পাকিস্তানজুড়ে তীব্র শোক ও নিন্দার ঝড় তুলেছে। দেশটির শীর্ষ রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তারা হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন। তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...