ফেনী জেলার ফুলগাজী উপজেলায় নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব ফুলগাজী’ (PUSAF)। ঈদুল আজহার একদিন পর আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা প্রায় ১৫০। সদস্যরা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষাবিষয়ক সচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফুলগাজীর শিক্ষার্থীদের জন্য এ ধরনের প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নবীন শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা পাবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অদূর ভবিষ্যতে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে বিভিন্ন শিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ বিকাশে সহায়তা করার পরিকল্পনা রয়েছে।
বক্তারা আশা প্রকাশ করেন, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব ফুলগাজী ভবিষ্যতে উপজেলার শিক্ষা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে এবং নতুন প্রজন্মকে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
