বুধবার, ০৩ জুন ২০২৬
Logo
×

বান্দরবান ভ্রমণ শেষে ফেরার পথে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

প্রথম সমাচার ডেস্ক ০৩ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

বান্দরবানে বন্ধুদের সাথে ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া চট্টগ্রামের রাউজানের এক কলেজছাত্র দীর্ঘ ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। তার নাম নাফিজ বিন ফারুকী (২১)।

গতকাল মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাফিজ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধাপাড়া বড় বাড়ির ফারুক আহমেদের ছেলে। তিনি নোয়াপাড়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পরিবারের একমাত্র সন্তান ছিলেন।

যেভাবে দুর্ঘটনাটি ঘটে

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ মে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে বান্দরবান ভ্রমণে গিয়েছিলেন নাফিজ। ভ্রমণ শেষে একই দিন বিকেলে বাড়ি ফেরার পথে ৪টার দিকে পটিয়া বাইপাস সড়কে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী নাফিজ ও চালক ফাহিম দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

চিকিৎসা ও দাফন

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে নাফিজের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে টানা ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

নিহতের মামা আতিকুল্লাহ মুরাদ ভাগ্নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দুর্ঘটনায় আহত অপর বন্ধু ফাহিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় কাঁঠালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...