বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Logo
×

পদত্যাগের দুই দিন পর মুখ খুললেন দীপেন দেওয়ান, শান্ত থাকার আহ্বান

প্রথম সমাচার ডেস্ক ০৪ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগের দুই দিন পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি পার্বত্য অঞ্চলের জনগণের প্রতি শান্তি, সম্প্রীতি ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতি নিজের রাজনৈতিক আনুগত্য পুনর্ব্যক্ত করেছেন।

বুধবার (৩ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দীপেন দেওয়ান বলেন, তার পদত্যাগকে কেন্দ্র করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যে আবেগ, উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সে বিষয়ে তিনি অবগত রয়েছেন।

পোস্টে তিনি পার্বত্য অঞ্চলের পাহাড়ি, বাঙালি এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাতের পথে না গিয়ে সবাইকে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে হবে। দীপেন দেওয়ান বলেন, “পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার। এই অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি রক্ষার দায়িত্বও আমাদের সবার। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জনগণের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হোক, এটাই আমার প্রত্যাশা।”

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, তার রাজনৈতিক জীবনের প্রেরণা এসেছে পরিবারের দেশপ্রেম ও জনসেবার আদর্শ থেকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি বিএনপিতে যোগদান করেন এবং শুরু থেকেই দলের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছেন। দীপেন দেওয়ান স্পষ্টভাবে উল্লেখ করেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমার রাজনৈতিক আদর্শের ঠিকানা। জীবনের শেষ দিন পর্যন্ত দলের আদর্শ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। ব্যক্তিগত কিংবা রাজনৈতিক যেকোনো পরিস্থিতিতেই দলের প্রতি আমার অঙ্গীকার অটুট থাকবে।”

তিনি আরও বলেন, ব্যক্তি নয়, জনগণের কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মতপার্থক্য থাকতে পারে, তবে তা যেন বিভেদ বা সংঘাতের কারণ না হয়। পার্বত্য চট্টগ্রামকে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে দীপেন দেওয়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গত সোমবার অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দীপেন দেওয়ান। এরপর তার সমর্থকদের বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-জল্পনার মধ্যে দুই দিন পর তিনি এ বক্তব্য দেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...