বাংলাদেশ জাতীয় সংসদের আগামীকাল বুধবার ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ১০ জুন ২০২৬ তারিখে বিকাল ৩টায় অনুষ্ঠেয় বৈঠকের কার্যসূচি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং, আইন প্রণয়ন শাখা-১ থেকে এই কার্যসূচি জারি করা হয়েছে।
কার্যসূচি অনুযায়ী, প্রশ্নোত্তর পর্বে প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত থাকবে। এরপর স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, নৌ-পরিবহন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে।
বিধি-৭১-এর আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের তিনটি নোটিশ গৃহীত হয়েছে। মহিলা আসন-১১-এর সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার প্রসঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।
নরসিংদী-১ আসনের সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন দক্ষ মানব সম্পদ তৈরি ও রপ্তানিতে সরকারের পরিকল্পনার বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।
নাটোর-২ আসনের সংসদ সদস্য জনাব এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর জেলার সরকারি-বেসরকারি কল-কারখানা ও বাসা-বাড়িতে গ্যাস সংযোগ প্রদানের বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।
বৈঠকে বিধি-১৪৭ অনুসারে একটি সাধারণ প্রস্তাবও আলোচনায় আসবে। ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য জনাব মোঃ শফিকুর রহমান বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করবেন।
প্রস্তাবটিতে দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখা প্রবাসী রেমিট্যাল যোদ্ধাদের সমস্যা সমাধান, তাদের কল্যাণ নিশ্চিতকরণ, রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী ও টেকসই করা এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত রাখার বিষয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে।
সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এই কার্যসূচি ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ৯ জুন ২০২৬ তারিখে জারি করা হয়।
