শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

মার্কিন কালোতালিকায় আলিবাবা-বাইদুসহ শীর্ষ চীনা কোম্পানি, ক্ষুব্ধ বেইজিং

প্রথম সমাচার ডেস্ক ১৩ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

কথিত সামরিক সংযোগের অভিযোগে চীনের কয়েকটি শীর্ষ প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপের তীব্র সমালোচনা করে ‘গভীর অসন্তোষ’ প্রকাশ করেছে বেইজিং এবং প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত তালিকায় রয়েছে চীনের প্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান আলিবাবা, বাইদু এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি-সহ আরও কয়েকটি কোম্পানি।

যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান সরাসরি অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত না থাকলেও চীনের তথাকথিত ‘সিভিল-মিলিটারি ফিউশন’ (বেসামরিক-সামরিক একত্রীকরণ) কৌশলের আওতায় কাজ করছে। ওয়াশিংটনের অভিযোগ, এসব প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য উদ্ভাবনী সক্ষমতা চীনের সামরিক আধুনিকায়ন কার্যক্রমে সহায়তা করছে।

অন্যদিকে, চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, মার্কিন প্রশাসন জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে বৈষম্যমূলক পদক্ষেপ নিচ্ছে। বেইজিংয়ের মতে, এটি আন্তর্জাতিক বাণিজ্য ও বাজার প্রতিযোগিতার নীতির পরিপন্থী।

চীনা কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণ না করে এবং এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখে, তাহলে নিজেদের বৈধ স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৈদ্যুতিক যানবাহন শিল্পকে কেন্দ্র করে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান প্রতিযোগিতা ও উত্তেজনা আরও বাড়তে পারে।

সূত্র: প্রেস টিভি

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...