দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের মধ্যে বড় ধরনের অর্থনৈতিক ও বাজার সংস্কারের উদ্যোগ নিয়েছে কিউবা। দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল নতুন সংস্কার পরিকল্পনার ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থাপনায় বিকেন্দ্রীকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রস্তাবিত সংস্কারের আওতায় কেন্দ্রীয় সরকারের কিছু ক্ষমতা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। এর ফলে দেশের বিভিন্ন পৌরসভা ও স্থানীয় কর্তৃপক্ষ নিজেদের অঞ্চলে কোন কোম্পানি, বিনিয়োগকারী বা অর্থনৈতিক গোষ্ঠী কার্যক্রম পরিচালনা করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আইনি ক্ষমতা পাবে।
সরকারের মতে, এই পদক্ষেপ স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে অঞ্চলভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নও সহজ হবে।
বিশ্লেষকদের ধারণা, দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, বৈদেশিক মুদ্রার ঘাটতি এবং মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় কিউবা নতুন এই নীতিগত পরিবর্তনের পথে হাঁটছে। অর্থনীতিকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করতে সরকার ধীরে ধীরে প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোয় পরিবর্তন আনছে।
তবে এই সংস্কার কতটা সফল হবে এবং কিউবার সামগ্রিক অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
