সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে ইরানের অপরিশোধিত তেল রপ্তানিতে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাঙ্কারট্র্যাকারের বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণ অনুযায়ী, মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৩ কোটি ৬০ লাখ ব্যারেল ইরানি তেল বিদেশি ক্রেতাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। একই সময়ে দেশটির উপকূলীয় এলাকায় আরও বেশ কয়েকটি তেলবাহী জাহাজে পণ্য বোঝাই করা হয়েছে, যেগুলো যাত্রা শুরুর অপেক্ষায় রয়েছে।
ট্যাঙ্কারট্র্যাকারের বিশ্লেষকরা বলছেন, উপগ্রহচিত্র এবং স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থার তথ্য পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, রপ্তানির এই বৃদ্ধি নতুন উৎপাদনের কারণে নয়। বরং আগে থেকে সংরক্ষিত বিপুল পরিমাণ তেলের মজুত দ্রুত আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হচ্ছে।
উল্লেখ্য, গত মে মাসে ইরানের সামুদ্রিক বাণিজ্যের ওপর মার্কিন চাপ ও নজরদারি বাড়ার ফলে দেশটির তেল রপ্তানি কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সে সময় দৈনিক রপ্তানি ২ লাখ থেকে ২ লাখ ৬০ হাজার ব্যারেলের মধ্যে সীমাবদ্ধ ছিল বলে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জ্বালানি বাজার বিশ্লেষকদের মতে, বর্তমান রপ্তানি প্রবাহ অব্যাহত থাকলে বৈশ্বিক তেলবাজারে এর প্রভাব দৃশ্যমান হতে পারে।
সূত্র: ট্যাঙ্কারট্র্যাকার
