টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ব্রাজিলের বিশ্বকাপ জয় উদযাপনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত নেতা হলেন গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টু।
স্থানীয়দের দাবি, চলমান বিশ্বকাপে জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিলের জয় উদযাপনের সময় মিন্টু থ্রি-পিস পোশাক পরে নাচ-গানের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে ওয়ার্ড বিএনপির সভাপতির পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
