শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Logo
×

আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, চাই নীতির পরিবর্তন: ফয়জুল করীম

Icon প্রথম সমাচার ডেস্ক

শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতির পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। তিনি বলেন, ইসলামী আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের লক্ষ্য কেবল ক্ষমতা অর্জন নয়, বরং ইসলামের আদর্শ ও শরিয়াহ বাস্তবায়ন। আদর্শ বিসর্জন দিয়ে তারা ক্ষমতা গ্রহণ করতে চান না।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ষষ্ঠ নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের রায়হান উদ্দীন মিনা এ তথ্য জানান।

ফয়জুল করীম বলেন, ভোট বেশি পাওয়া বা কম পাওয়াই সফলতার মাপকাঠি নয়, বরং আদর্শ কতটা বাস্তবায়িত হচ্ছে সেটিই প্রকৃত সফলতা। আমাদের গড়ে দেওয়া পথের ওপর দাঁড়িয়ে পরবর্তী প্রজন্ম যেন আরও এগিয়ে যেতে পারে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়নের উদ্যোগ দেশের মুসলমানরা মেনে নেবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে জনদুর্ভোগ বাড়ছে, এর পরিবর্তন জরুরি।

ফয়জুল করীম বলেন, জাপানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে বাংলাদেশের স্বার্থ কতটুকু এবং ভারতের স্বার্থ কতটুকু, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি করা যাবে না। মাদ্রাসা শিক্ষাকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার যে–কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধেও তিনি সতর্ক করেন। একই সঙ্গে সকল অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com