শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Logo
×

ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে দল থেকে বহিষ্কার : মজনু

Icon প্রথম সমাচার ডেস্ক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি বলেন, এমন কাণ্ডের বহিষ্কারাদেশ আর প্রত্যাহার করা হবে না।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ফেনীর পরশুরামে মির্জানগর তৌহিদ একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল আলম মজনু বলেন, যারা দলের জন্য কাজ করেছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নন-এমন কাউকে মনোনয়ন দেওয়া হলে ওই প্রার্থী নির্বাচিত হতে পারবেন না। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। যারা মানুষের জন্য কাজ করতে পারবেন, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াতে পারবেন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন-এমন ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হলে জনগণ ও দল উভয়ই উপকৃত হবে।

‎সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকারের বিরুদ্ধে পতিত ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে ‘বটবাহিনী’। এসব ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মজনু আরও বলেন, নির্বাচনে দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিতে হবে। নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
‎
‎উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি সাহেদ আমান চৌধুরী এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদ।

সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিন চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়নেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মজনু।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com