মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত উৎকর্ষ বাড়াতে হবে: সেনাপ্রধান

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আধুনিক যুদ্ধক্ষেত্রের ক্রমপরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিগত উৎকর্ষ ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, আধুনিক যোগাযোগব্যবস্থায় সিগন্যালস কোরকে আরো দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।

পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে হবে।

গতকাল সোমবার যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিঅ্যান্ডএস) বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও সপ্তম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৫ ও ১৬ নভেম্বর দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন সেনাপ্রধান।

তিনি একবিংশ শতাব্দীর বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে কোরের সদস্যদের সব সময় প্রস্তুত থাকার নির্দেশনা দেন। এ সময় সেনাপ্রধান এসটিসিঅ্যান্ডএসে আয়োজিত আইসিটি ইনোভেশন ডিসপ্লে পরিদর্শন করেন। সেখানে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ ঘুরে দেখেন তিনি।

এদিকে সপ্তম কোর পুনর্মিলনী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন আবদুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান।

পরে সিগন্যালস কোরের সাবেক ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

এ সময় সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে কোরের অবদান এবং বিভিন্ন সময়ে অর্জিত সাফল্যের কথা তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতেও দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত রাখার জন্য কোরের সব সদস্যের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সিগন্যালস কোরের কর্নেল কমান্ড্যান্ট, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সিগন্যালস কোরে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবার, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com