মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

ভোলায় যুবদলের নতুন কমিটির সভাপতি ফেরদৌস, সম্পাদক মনির

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভোলা জেলা শাখার ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌসকে সভাপতি এবং মোহাম্মদ মনির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি নতুন এ আংশিক কমিটির অনুমোদন দেন।

বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় দপ্তরের পক্ষে বিজ্ঞপ্তিটি পাঠান যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

এদিকে নতুন কমিটি ঘোষণার খবর ভোলায় পৌঁছালে জেলা যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে রাতে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।

সার্কুলার রোডে জেলা যুবদলের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের সদর রোড প্রদক্ষিণ করে পুনরায় যুবদল কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।

এ সময় নতুন কমিটির নেতারা আগামী দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তারেক রহমানের ভ্যানগার্ড হিসেবে রাজপথে সক্রিয় থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভোলা জেলা যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার করেন তারা।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com