আমের মৌসুমে ব্যবসায়ীদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে রাজশাহী অঞ্চলের চার জেলায় আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) সম্প্রতি একটি সার্কুলার জারি করে দেশের সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমের মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আমের বাজারে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়ে থাকে। ফলে ব্যবসায়ীদের নগদ অর্থ জমা ও উত্তোলন সহজ করা এবং নগদ অর্থ সংরক্ষণের ঝুঁকি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট; নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর; এবং রাজশাহী ও নাটোর জেলার আমের বাজারসংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখাগুলো প্রতি শনিবার সীমিত সময়ের জন্য চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে নিজস্ব ব্যবস্থাপনায় এসব শাখার কার্যক্রম পরিচালনা করতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।
