প্রথম সমাচার ডেস্ক:
খতমে নবুওয়াতের প্রতি বিশ্বাসকে ঈমানের মূল ভিত্তি উল্লেখ করে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ধর্মমন্ত্রী বললেন, যারা রাসূলুল্লাহ (সা.)-কে আখেরি নবী হিসেবে মানে না, তারা মুসলমান নয়। আল্লাহর হুকুম ও রাসূলের হুকুমের জন্য প্রয়োজনে জীবন দিতেও আমি প্রস্তুত।
রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আজ বুধবার আয়োজিত খতমে নবুওয়াত জাতীয় সেমিনারে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, মানবজাতির হেদায়েত ও সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ হজরত আদম (আ.) থেকে শুরু করে যুগে যুগে বহু নবী ও রাসূল পাঠিয়েছেন। সেই নবুওয়াতের ধারার পূর্ণতা ও চূড়ান্ত সমাপ্তি ঘটেছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে।
কওমি মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কওমি মাদ্রাসাগুলো আমাদের মূল ভিত্তি। এই মাদ্রাসাগুলোকে দেখে-শুনে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমাদের ঈমানকে ঠিক রাখতে হলে এই ভিত্তির প্রতি যত্নবান হতে হবে।
দেশের আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী বলেন, ইসলামের জন্য এবং দেশের আলেম-ওলামাদের জন্য যা করা দরকার, আমি ইনশাআল্লাহ তা করব। আমরা ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখদের সঙ্গে আছি এবং থাকব।
তিনি আরো বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের যে-কোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন। আল্লাহর হুকুম ও রাসূলের হুকুমের জন্য প্রয়োজনে জীবন দিতেও আমি প্রস্তুত।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সরকারি সহায়তা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, দেশের মসজিদ, ইমাম-মুয়াজ্জিন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুদান কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের হজযাত্রীর কোটা আরো পাঁচ হাজার বাড়িয়ে এক লাখ এক হাজার পাঁচশতে উন্নীত করা হয়েছে। এ জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গণভোটের রায় মেনে নিলে সরকারকে সহযোগিতা করা হবে: গোলাম পরওয়ার
ফেব্রুয়ারিতে ঢাকা-সিলেট রুটে চালু হচ্ছে নতুন ট্রেন: বাণিজ্যমন্ত্রী
রাজধানীর আরও ৫০টি স্থানে এআই সিগন্যাল বসানো হবে: তারেক রহমান